দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর তেহরান জানিয়েছে, মতপার্থক্য থাকলেও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।
রোববার ১২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরান সরকার জানায়, আলোচনার পর এখন বিষয়গুলো কারিগরি পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। উভয় পক্ষ ইতোমধ্যে লিখিত প্রস্তাব বিনিময় করেছে এবং বিশেষজ্ঞ দলগুলো খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতভেদ রয়েছে। তবে সংলাপ চালিয়ে যাওয়ার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না এবং সে সক্ষমতার দিকেও অগ্রসর হবে না।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদের আলোচনায় পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। যদিও তাৎক্ষণিক কোনো চুক্তি হয়নি, তবুও সংলাপ চালু থাকা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও উভয় পক্ষকে আলোচনার টেবিলে রাখতে সক্রিয় থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
চুক্তি না হলেও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সংকট নিরসনের সম্ভাবনা জিইয়ে রেখেছে। পারমাণবিক ইস্যুতে অবস্থানগত দূরত্বই এখন সবচেয়ে বড় বাধা হিসেবে সামনে এসেছে।
