লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাই সনদ জনগণের এজেন্ডা: সারজিস

প্রকাশিত: 17 মার্চ 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়; এটি দেশের জনগণের সম্মিলিত এজেন্ডা। তিনি দাবি করেন, এই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এক কর্মিসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, দলটি প্রায় ৫০ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করলেও জুলাই সনদের পক্ষে সমর্থন আরও বেশি। তার ভাষ্য অনুযায়ী, এতে বোঝা যায় বিএনপির বহু সমর্থকও সনদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতায় এসে যদি সরকার জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে, তবে তা স্বৈরাচারী প্রবণতার সূচনা হিসেবে দেখা হবে।

তিনি আরও বলেন, সংবিধান ও রাষ্ট্র জনগণের জন্য এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। গণভোটের মাধ্যমে জনগণ যদি কোনো সনদের পক্ষে মত দেয়, তাহলে সাংবিধানিক ব্যাখ্যার আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা জনগণ মেনে নেবে না। প্রয়োজনে রাজপথ থেকে সংসদ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে এমন প্রচেষ্টা প্রতিহত করার কথাও জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি নেতা। উত্তরা ও শহীদ মিনার এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপের অভাব জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।

কর্মিসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman