দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশটির সমৃদ্ধি ও উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
শাহবাজ শরিফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু। শোকের এই সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন মুহূর্তে পাকিস্তান খালেদা জিয়ার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাঁর আত্মাকে শান্তি দান করেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। এক্সে দেওয়া পৃথক এক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক শোকবার্তা আসছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের এই শোকবার্তা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের একটি প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।
