দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন এবং তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতির কথা বলা যাচ্ছে না।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। কোনো পূর্বঘোষণা ছাড়াই এই ব্রিফিং দেওয়া হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতির কারণে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করছে। এ চিকিৎসা প্রক্রিয়ায় তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
এদিকে, ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার প্রথমবারের মতো মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর রাজনৈতিক কর্মসূচি শেষে তিনি আবারও মায়ের শয্যাপাশে যান এবং দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আলোচনা হলেও, শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় বর্তমানে দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
