দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এসব জানাজায় অংশ নেন। অনেক স্থানে শোক ও আবেগে মানুষ কান্নায় ভেঙে পড়েন।
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গায়েবানা জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সেখানে উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটিতে ঢাকায় অনুষ্ঠিত জানাজার সম্প্রচার এলইডি পর্দায় দেখিয়ে একযোগে গায়েবানা জানাজায় অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বাদ জোহর জানাজায় দুই হাজারের বেশি মানুষ অংশ নেন। এতে বিএনপির নেতাদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজবাড়ী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে যে শোক ও আবেগের বহিঃপ্রকাশ দেখা গেছে, তা তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ প্রভাব এবং সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্কেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
