দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। চলমান অসন্তোষের প্রভাবে নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শনিবার রাতে এবং বাকি ১৬টি রোববার সকালে বন্ধের নোটিশ দেয়। ফলে সকালে কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিককে কারখানার ফটক থেকেই ফিরে যেতে হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলনের আশঙ্কায় কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছিল, রোববার থেকে সেগুলো বন্ধ থাকবে। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। কর্মস্থলে প্রবেশ করতে না পেরে তাঁদের ফিরে যেতে হয়। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ দেশের একাধিক শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, শিল্প পুলিশের বিশেষায়িত দল, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
চলমান পরিস্থিতিতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কারখানা পরিচালনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানায়। সংগঠন দুটি জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম অসন্তোষের ফলে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে সংশ্লিষ্ট কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। এ ধারায় কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিকপক্ষ সংশ্লিষ্ট শাখা কিংবা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ রাখার ক্ষমতা পায়। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পান না।
এদিকে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং বিশেষায়িত পুলিশের আট প্লাটুন সদস্য রয়েছেন। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
এর আগে শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টার বেশি সময় সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।
একই দিনে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়। মালিকপক্ষের কঠোর অবস্থানের কারণে শ্রমিক অসন্তোষের প্রভাব এখন গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আরও বিস্তৃত হচ্ছে।
গত মাসের শেষদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হয়। রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়া এই আন্দোলন একপর্যায়ে সংঘর্ষ ও সহিংসতায় রূপ নেয়। এতে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনাও ঘটে।
শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। নতুন নিয়োগ পাওয়া ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও দেওয়া হয়।
আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পোশাকশিল্প মালিকদের পক্ষ থেকে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। এরপর শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখার প্রয়োজনীয়তার মধ্যে সমন্বয় তৈরি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কারখানা বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী পোশাকশিল্পেও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
