লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হার্ট এটাক নিয়ে হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মান্না

প্রকাশিত: 16 জানুয়ারী 2026

62 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত। একই রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমকর্মীদের খুদে বার্তায় মান্নার অসুস্থতার খবর জানান। ওই বার্তায় তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং তাকে পিজিতে নেওয়া হচ্ছে। এ সময় দলীয় পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

রাজনৈতিক অঙ্গনে মাহমুদুর রহমান মান্না একজন পরিচিত ও সক্রিয় মুখ। তার অসুস্থতার খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে তখন সুস্থ হয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman