দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তিনি দাবি করেছেন, নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে ‘বিক্রি’ করছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে আবদুল কাদের এই অভিযোগ করেন। ডাকসুর সাবেক ভিপি প্রার্থী কাদের লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচারের বাইরে এবং ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরির চেষ্টা। তিনি বলেন, “নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫ আগস্টের পর এই ধরনের নোংরা রাজনৈতিক সংস্কৃতি আমরা কখনো চাইনি।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কাদের। তার দাবি, আন্দোলনে নাসীরুদ্দীনের অবদান নিয়ে বাস্তবে তেমন কিছু দেখা যায়নি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলামোটরের একটি বৈঠকে আন্দোলনের জুনিয়র স্তরের নেতারা প্রশ্ন তুলেছিলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কীভাবে গুরুত্বপূর্ণ লিয়াজোঁ কমিটির দায়িত্ব পেলেন।
কাদেরের অভিযোগ অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত রাজনৈতিক ইতিহাসও বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করে। শিবির, ছাত্র ফেডারেশন ও এবি পার্টিসহ বিভিন্ন সংগঠন ভেঙে আসার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নতুন উদ্যোগেও একই ভাঙনের আশঙ্কা রয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দায়িত্ব নেওয়ার সময় অতীতের মতো দল বা উদ্যোগ ভাঙবেন না বলে অঙ্গীকার করেছিলেন। তবে বর্তমান বাস্তবতায় সেই অঙ্গীকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন আবদুল কাদের।
