দ্য সিভিলিয়ানস । রাজনীতি ডেস্ক ।
গণভোটের ফলাফলের ভিত্তিতে ঘোষিত সংস্কারসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়ন করাই গণতান্ত্রিক চর্চার মূল ভিত্তি এবং এ বিষয়ে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণভোটের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি। অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি সংবিধান সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, টেকসই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, দল দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অবস্থানে অটল রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া গণভোটের ফল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ইফতার মাহফিলে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
