দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিগত ১৭ বছরে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা শাখা বা বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আয়োজনে গুম ও খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম একই ধারাবাহিকতার অংশ। তার ভাষায়, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই রাজপথে নেমেছিলেন এবং তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর গুম হওয়া পরিবারগুলোর দুর্ভোগ কাছ থেকে দেখেছেন। ঈদের পর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে, যাতে মন্ত্রণালয়ের অধীনে বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালু করা যায়। এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সন্তানদের উচ্চশিক্ষা সহায়তা এবং যাদের নিজস্ব বাসস্থান নেই তাদের আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
গুম ও হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সংশ্লিষ্ট সব ঘটনার বিচার দেশের মাটিতেই সম্পন্ন করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী ও গুম এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিমন্ত্রী উপস্থিত পরিবারগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
