দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। বৃহস্পতিবার ঢাকা ১৫ আসনের উদ্যোগে আয়োজিত ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। কেউ জুলুমের শিকার হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারি ও বিরোধী দল মিলেই মানুষের অধিকার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মত দেন জামায়াত আমীর।

ইয়াতিম শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের মধ্য থেকেই মনিমুক্তা বের করে আনতে হবে এবং এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার এমন কাজ করবে যাতে আল্লাহ সন্তুষ্ট হন।
সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি টেলিভিশনের চার সাংবাদিকের চাকরি হারানোর প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত। তাদের পুনর্বহালের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় তা একনায়কতান্ত্রিক প্রবণতার ইঙ্গিত দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন। প্রায় এক হাজার ইয়াতিম শিক্ষার্থী এতে অংশ নেয়।
