লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঝাঁজ কমেছে পেঁয়াজের

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

রাজধানীর কাঁচা বাজারে গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজি ও নতুন আলুর দাম কমেছে। পুরানো পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি হলেও প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের কেজিও এখন ৭০ থেকে ৭৫ টাকা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, শীত বাড়ায় মাঠ থেকে সবজি উঠছে বেশি, ফলে সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমছে এবং সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বেশ শীত অনুভূত হওয়ায় বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। বিক্রেতারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে।

বাজারে প্রতিটি দোকানে এখন থরে থরে সাজানো নতুন সবজি। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও প্রয়োজন মতো সবজি কিনতে পারছেন।

বাজারে প্রতি পিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, বাঁধা কপি (মাঝারি) প্রতি পিস ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ৪০ টাকা, খিড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারে ইয়াকুব আলী নামের একজন ক্রেতা বলেন, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। ৬০ টাকা কেজির কম সবজি কেনা যায়নি। এখন ৩০-৪০ টাকা কেজি দরে অনেক সবজি কেনা যাচ্ছে। ১০০ টাকার সবজি কিনলে দু-চার দিনের জন্য যথেষ্ট।

এদিকে, প্রতি কেজি তেলাপিয়া মাছ আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়, রুই মাছ (মাঝারি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতি কেজি চাষের শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে আসা ক্রেতা মাসুদুর রহমান বলেন, ‘বাজারে সবকিছুর দাম উঠানামা করে। মাছের দাম কখনোই কমতে দেখলাম না। সব সময় বাড়তি দামে আমাদের মাছ কিনতে হয়। সাধারণত পাঙ্গাস, চাষের কই, তেলাপিয়া মাছ ছাড়া অন্য সব ধরনের মাছের দাম বাড়তি থাকে। আমাদের মতো মানুষষদের জন্য অতিরিক্ত দামের কারণে ভালো মাছ কিনে খাওয়ায় মুশকিল।’

এছাড়া, ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman