দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চীন তার শেনঝোউ ২৪ মহাকাশযানের ক্রু সদস্যদের নাম ঘোষণা করেছে। এবারের অভিযানে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলি চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন। এটি চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীর যৌথ উড়ান।
চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির কর্তৃপক্ষ বলেছে, শেনঝোউ ২৪ মহাকাশযান বুধবার সকাল সাড়ে আটটায় চীনের উত্তরপশ্চিমাঞ্চলের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হবে।
চীনের সরকারি সংবাদসংস্থা শিনহুয়া জানিয়েছে, ৪০ বছর বয়সী পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলি এ অভিযানে চীনের ৫১ বছর বয়সী তাং হংবো ও ৩৯ বছর বয়সী উ ইয়ির সঙ্গে যাচ্ছেন।
তাং হংবো এ অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আগে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন। এবার তিয়ানগং স্টেশনে তৃতীয়বারের মতো যাওয়ার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে উ ইয়ি ও জিশান আলি প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করবেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, জিশান আলি পেলোড বিশেষজ্ঞ হিসেবে স্বল্পমেয়াদি অভিযান করবেন। তিনি মূলত চীন ও পাকিস্তানের সহযোগিতার আওতায় পরীক্ষাগুলো পরিচালনা করবেন।
তার অভিযানে জীববিজ্ঞান ও উপাদান বিজ্ঞানের চারটি বৈজ্ঞানিক প্রকল্প পরিচালনার কথা রয়েছে। এছাড়া তিনি কক্ষপথে সালোকসংশ্লেষী অণুজীব নিয়ে একটি পরীক্ষা করবেন।

স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি শেনঝোউ ২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন। এই মহাকাশযান গত মে মাসে তিয়ানগং স্টেশনে যুক্ত হয়েছিল।
এই অভিযান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির অংশ। চুক্তি অনুযায়ী, পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন এবং চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির কর্তৃপক্ষ দুই পাকিস্তানি নভোচারীর প্রশিক্ষণের ব্যবস্থা নেবে।
এর মধ্যে একজন তিয়ানগং অভিযানে যুক্ত হবেন। জিশান আলি সেই সুযোগ পেয়েছেন।
পাকিস্তানের এই প্রথম মহাকাশ অভিযান দেশটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তানের প্রায় ২৫ কোটি মানুষের প্রত্যাশা ও গর্ব বহন করে জিশান আলি মহাকাশে যাচ্ছেন বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে।
চীন এখন ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো মনুষ্যবাহী চন্দ্র অবতরণের প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নাসা ২০২৮ সালে চন্দ্রপৃষ্ঠে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।
বিশ্লেষকরা বলছেন, চীনের এই উদ্যোগ কেবল বৈজ্ঞানিক সহযোগিতার বিষয় নয়। এটি বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় বেইজিংয়ের ক্রমবর্ধমান শক্তি ও প্রভাবকেও তুলে ধরছে।
চীনের শেনঝোউ অভিযানগুলো ২০২১ সাল থেকে তিয়ানগং স্টেশনে তিন সদস্যের ক্রু পাঠিয়ে আসছে। তারা সাধারণত ছয় মাস করে কক্ষপথে অবস্থান করেন। কিন্তু জিশান আলির অভিযান স্বল্পমেয়াদি।
জিশান আলির এই যাত্রা কেবল পাকিস্তানের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রমাণ করছে, উন্নয়নশীল দেশগুলোও এখন মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে বড় পরিবর্তনের অংশ হতে পারে।
চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাওয়ার সুযোগ পাওয়া জিশান আলির এই অভিযান চীন পাকিস্তান কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে।
