দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ভিড় করছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দিলে শোকাহত মানুষের ঢল নামে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকেই জিয়া উদ্যানের বাইরে মানুষের ভিড় জমতে শুরু করে। নিরাপত্তাজনিত কারণে প্রথমে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দিলে পর্যায়ক্রমে মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাতে অংশ নেন এবং নীরবে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন।
জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে শুধু বিএনপির নেতা কর্মীরাই নন, দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন সাধারণ মানুষও ছিলেন। মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন বলেন, কোনো রাজনীতি করি না, কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সকালে জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড বসানো হয় এবং আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কবর জিয়ারতে আসা মানুষের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।
উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
