লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রকাশিত: 24 জুন 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের অংশ হিসেবে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

রেলস্টেশন থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে পরিচিত দিয়াওইউতাই গেস্ট হাউস-এ নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বেইজিংয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন। সেখানে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠক ও আলোচনা করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

 

সূত্র: বাসস

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman