দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে তালিকাটি প্রকাশ করা হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় সংসদের সাধারণ আসনের সদস্যরা। সেই অনুযায়ী ২৯৬ জন সংসদ সদস্যকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। তবে আদালতে মামলা চলমান থাকায় চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া শেরপুর ৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে ভোট স্থগিত ছিল। পাশাপাশি প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনসহ দুটি আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই চারটি আসন বাদ দিয়েই বর্তমান ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আগামী ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমান সংসদে দলীয় অবস্থান অনুযায়ী বিএনপির সদস্য সংখ্যা ২০৮ জন, জামায়াতে ইসলামী ৬৮ জন এবং এনসিপির ৬ জন সদস্য রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও স্বতন্ত্র সদস্যরাও সংসদে প্রতিনিধিত্ব করছেন।
ইসি সচিব জানান, কয়েকটি রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপির সঙ্গে গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমন্বয় করছে। অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপি ও খেলাফত আন্দোলন রয়েছে। জোট সমঝোতা অনুযায়ী বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংসদে রাজনৈতিক ভারসাম্য ও জোট রাজনীতির নতুন সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
