দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে ম্যাচ শেষে তাঁর দেওয়া একটি মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ‘আই অ্যাম ব্যাক’ বা ‘আমি ফিরে এসেছি’ বলে ঘোষণা দেওয়ার পর সাবেক সুইডিশ তারকা জ্বলাতন ইব্রাহিমোভিচ কটাক্ষ করেছেন এই পর্তুগিজ মহাতারকাকে।
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে দুই গোল করেন রোনালদো। ম্যাচ শেষে ক্যামেরার সামনে তিনি বলেন, ‘আই অ্যাম ব্যাক’। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়।’
তবে রোনালদোর এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন ইব্রাহিমোভিচ। একটি টেলিভিশন আলোচনায় তিনি বলেন, তাঁর কাছে মনে হয়নি রোনালদো কোথাও হারিয়ে গিয়েছিলেন। ইব্রার ভাষ্যে, উজবেকিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে গোল করা পর্তুগালের জন্য প্রত্যাশিত বিষয় ছিল।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান এখনও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ পর্যায়ের দলগুলোর তুলনায় অভিজ্ঞতায় পিছিয়ে। ফলে ম্যাচটিকে অনেকেই পর্তুগালের জন্য তুলনামূলক সহজ পরীক্ষা হিসেবে দেখছেন।
তবে সমালোচনা ও বিতর্কের মাঝেও ম্যাচটি রোনালদোর জন্য ছিল ঐতিহাসিক। এই জোড়া গোলের মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। রোনালদো এখন প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তির মালিক।
এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়ার সক্ষমতা দেখিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।
পর্তুগাল শিবিরের আশা, রোনালদোর এই ফর্ম দলকে বিশ্বকাপের পরবর্তী ধাপগুলোতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। অন্যদিকে ফুটবলপ্রেমীদের জন্যও রোনালদো ও ইব্রাহিমোভিচের মন্তব্য পাল্টা মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
