লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রূপপুর গ্রিন সিটিতে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

প্রকাশিত: 05 জানুয়ারী 2026

68 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট আবাসিক এলাকা গ্রিন সিটিতে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিম ওই কক্ষে সহকর্মী ফ্রোলিওভের সঙ্গে বসবাস করতেন। ফ্রোলিওভ ছুটি কাটিয়ে কক্সবাজার থেকে রোববার সকালে কক্ষে ফিরে দরজা খুলে মাকসিমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এটমটেক এনার্গোর নিরাপত্তা টিম, রুশ চিকিৎসক দল এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman