লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে জাতিসংঘের জবাবদিহিতার বার্তা

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও জবাবদিহিতা ও আন্তর্জাতিক আইনের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। ভারতের অবস্থানরত শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে বুধবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং ওই হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের একটি আদালতে দোষী সাব্যস্ত করার বিষয়টি তুলে ধরেন। তিনি জানতে চান, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে জাতিসংঘ মহাসচিব কি ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানাবেন।

জবাবে ফারহান হক বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইন ও আইনি কাঠামোর প্রতি পূর্ণ সম্মান রেখেই সম্পন্ন হতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ নিজেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করা শুধু একটি দাবি নয়, বরং আন্তর্জাতিক দায়িত্বের অংশ।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনার পর থেকেই দায়ীদের বিচারের আওতায় আনতে ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। শেখ হাসিনার প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘের এই অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: জাতিসংঘ ব্রিফিং, আন্তর্জাতিক সংবাদমাধ্যম

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman