লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ মহড়া, সরাসরি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 24 নভেম্বর 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত বিশেষ এই মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন তিনি। সামরিক সক্ষমতা, পারস্পরিক সমন্বয় এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের কার্যকারিতা তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তাঁর স্বর্ণদ্বীপে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তাঁকে তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করার কথা রয়েছে।

এই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ডুবুরি ও উদ্ধারকারী দল সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

তিন বাহিনীর এই বিশেষায়িত ইউনিটগুলো নিজ নিজ ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা, সমন্বিত সামরিক কার্যক্রম এবং বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে।

এবারের আয়োজনের বিশেষত্ব হলো, স্বর্ণদ্বীপে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। এর আগে দ্বীপটিতে তিন বাহিনীর বিভিন্ন পর্যায়ের যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হলেও এই তিনটি বিশেষায়িত ইউনিটের সমন্বিত অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। দ্বীপটি হাতিয়া উপজেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত। ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সামরিক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর একাধিক সমর অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে বিভিন্ন যৌথ প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়েছে। ভৌগোলিক অবস্থান ও বিস্তৃত প্রাকৃতিক পরিবেশের কারণে দ্বীপটি সামরিক প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে।

এবারের মহড়ায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণ সামরিক পর্যবেক্ষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। এতে বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়, প্রশিক্ষণের মান এবং দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman