দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি।
বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বেই স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং স্থায়ী কমিটি এতে পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনায় দোয়া করা হয়।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এর মাত্র ১০ দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তারেক রহমানকে বিএনপির সর্বোচ্চ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়। রাজনৈতিকভাবে এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমানসহ দলের শীর্ষ নেতারা।
তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ২০০১ সালের নির্বাচনে তার ভূমিকা জাতীয় পর্যায়ে আলোচিত হয়। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় তিনি সরাসরি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে তার নেতৃত্ব আরও সুসংহত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
