লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন, স্থায়ী কমিটির ইঙ্গিত

প্রকাশিত: 02 জানুয়ারী 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন নেতারা।

বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। তাঁর প্রয়াণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা আছে, যেকোনো কারণে চেয়ারপারসনের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

স্থায়ী কমিটির সূত্র জানায়, নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলার স্বাভাবিক পরিণতির পর দলীয় শূন্যতা পূরণ জরুরি হয়ে পড়েছে। সূত্র মতে, শুক্রবার বিকেলে খালেদা জিয়ার কুলখানি শেষে অথবা পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন।

২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হয়ে কারাবরণ করেন তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান লন্ডন থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman