দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে জামায়াত আমিরের বাসায় এবং পরে রাতে এনসিপির আহ্বায়কের বাসায় যাওয়ার কথা রয়েছে তার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে বিভিন্ন স্থানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে ভিন্নমত ও ভিন্ন দলের সবার সহযোগিতা কামনা করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এ নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি অর্জন করেছে ছয়টি আসন।
