লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাভারের সিরিয়াল কিলারের আসল পরিচয় জানা গেল

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান সম্রাটের প্রকৃত পরিচয় প্রকাশ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার আসল নাম সবুজ শেখ। দীর্ঘদিন ভুয়া পরিচয়ে নিজেকে ‘কিং সম্রাট’ কিংবা ‘মশিউর রহমান খান সম্রাট’ পরিচয় দিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সবুজ শেখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামের বাসিন্দা এবং পান্না শেখের ছেলে। সর্বশেষ জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তারের পর তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তিনি বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনে নিয়ে যেতেন। ওই নারীরা অন্য কারও সঙ্গে সম্পর্ক করলে বা তার সন্দেহ তৈরি হলে তিনি তাদের হত্যা করতেন। এই বিকৃত মানসিকতাই তাকে একের পর এক হত্যার দিকে ঠেলে দেয় বলে জানিয়েছে পুলিশ।

সবশেষ ঘটনায়, তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে কয়েক দিন ধরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে রাখা হয়। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের সম্পর্কের জেরে প্রথমে যুবককে এবং পরে তরুণীকে হত্যা করা হয়। পরে মরদেহ দুটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার তথ্যও স্বীকার করেছে অভিযুক্ত।

পুলিশ জানায়, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে সবুজ শেখ ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তের স্বার্থে তার অতীত কর্মকাণ্ড ও সম্ভাব্য আরও অপরাধ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে পুলিশ টিম পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman