লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্রের ইরানী বন্দর অবরোধের প্রতিক্রিয়া ফের হরমুজ প্রণালি বন্ধ, জাহাজ চলাচলে কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: 19 এপ্রিল 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, এই জলপথ দিয়ে অগ্রসর হওয়া যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করে, তাহলে প্রণালি বন্ধই থাকবে। তেহরান এই অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে স্থান পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া শত্রুপক্ষকে সহায়তা করার শামিল হিসেবে গণ্য হবে এবং নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে অল্প সময়ের জন্য প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছিলেন, জলপথটি উন্মুক্ত রাখা হবে। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে আবারও নিয়ন্ত্রণ জোরদার করা হয়।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

ঘটনার মধ্যে যুক্তরাজ্যের UKMTO জানায়, ইরানি গানবোট থেকে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি ছোড়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে থাকা একাধিক জাহাজ আইআরজিসির পক্ষ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে প্রণালিতে চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক প্রভাব পড়বে। এটি শুধু তেলের দাম বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনাকেও নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

 

সূত্র: Reuters

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman