মুশফিকের শততম টেস্টে শতরানের অপেক্ষায় পুরো দেশ
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শেরেবাংলার ঘড়ি যখন ৯০ ওভার শেষের দিকে, তখন পুরো স্টেডিয়াম যেন একটা হৃদয়, হৃদ-স্পন্দন যেনো বেড়ে গিয়েছিল কয়েক গুন। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের ব্যাটে ৯৯ রান, আর মাত্র একটা রান। সবার চোখ আটকে গেছে সেই এক রানে। শেষ ওভারে গ্যাভিন হোয়ের হাতে বল। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক থেমে যেতে হলো৯৯ রানে, দিন শেষ। স্টেডিয়ামে হতাশার একটা দীর্ঘশ্বাস উঠলেও, পরক্ষণেই গর্জন উঠল, কাল সকালে প্রথম বলেই শতরান!
এই একটা রানের জন্য আজ রাতে পুরো বাংলাদেশ ঘুমাবে না। কাল সকালে মুশফিক যখন হেলমেট খুলে দুহাত তুলবেন, তখন শেরেবাংলা নয়, পুরো দেশটা যেন একসঙ্গে চিৎকার করে উঠবে। শততম টেস্টে শতরান। এর চেয়ে সুন্দর গল্প আর কী হতে পারে!
দিনের শুরুটাও ছিল রূপকথার মতো। মা-বাবা, স্ত্রী-সন্তানদের সামনে হাবিবুল বাশার আর আকরাম খানের হাত থেকে বিশেষ ক্যাপ আর ক্রেস্ট নিলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট। তারপর ব্যাট হাতে নিজেই লিখলেন নতুন অধ্যায়। এক প্রান্ত আগলে রেখে ৯৯ রানে অপরাজিত। পাশে লিটন দাস ৪৭ রানে। বাংলাদেশ দিন শেষে ২৯২রান সংগ্রহ করেছে ৪ উইকেটে।
আয়ারল্যান্ড বোলারদের শত চেষ্টা সত্ত্বেও মুশফিক আজ ছিলেন অপ্রতিরোধ্য। শেষ ওভারের স্নায়ুচাপে যখন সবাই ভয় পাচ্ছিল ‘তীরে এসে তরী ডুববে নাতো’, তখনই মুশফিক বুঝিয়ে দিলেন, তিনি এখানে শুধু রান করতে আসেননি, ইতিহাস লিখতেই এসেছেন।
কাল সকালে প্রথম বল। শুধু একটা রান। তারপরই হবে সেই মুহূর্ত। মুশফিকের হেলমেট খোলা, দুহাত আকাশে, আর পুরো স্টেডিয়ামে লাল-সবুজের ঝড়। এই একটা রানের জন্য আজ রাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ঘুমাবে না।
