লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সুদানে ড্রোন হামলায় বীর বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ মহাসচিবের শোক

প্রকাশিত: 14 ডিসেম্বর 2025

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হামলায় আরও কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

রোববার ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে জাতিসংঘ মহাসচিব এই শোক প্রকাশ করেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ফোনালাপে আন্তোনিও গুতেরেস বলেন, তিনি এই হামলায় গভীরভাবে বিপর্যস্ত এবং নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। তিনি বাংলাদেশের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন যেন শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জাতিসংঘের সমবেদনা পৌঁছে দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফোনালাপে আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের দ্রুত নিরাপদ চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সহায়তা কামনা করেন। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, আহতদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচনায় অধ্যাপক ইউনূস আহত সেনাদের চিকিৎসা ও নিরাপদ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দুই নেতা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে।

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman