লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ড. ইউনূসকে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি, অবাধ নির্বাচনের আহ্বান

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

75 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পাঁচ প্রভাবশালী সদস্য। একই সঙ্গে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিকস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা, র‌্যাংকিং মেম্বার সিডনি কামলেগার ডোভ, কংগ্রেস সদস্য জুলি জনসন এবং টম সুয়োজি।

চিঠিতে কংগ্রেসম্যানরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণে ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

নির্বাচন প্রসঙ্গে তারা উল্লেখ করেন, জনগণের মতামত যেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিফলিত হয়, সে জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা জরুরি। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করেন তারা।

তবে চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণভাবে পুনরায় সক্রিয় করা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে।

কংগ্রেস সদস্যরা আরও বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম একযোগে নিষিদ্ধ করা এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মত দেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman