দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার সম্ভাব্য বদলি নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এবার পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে প্রতিনিধি হিসেবে পাঠানোর কথা ভাবছে নয়াদিল্লি। আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম বিহারের সদ্য সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
টাইমস নাউ ও ইন্ডিয়ান মান্দারিনসসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নকেন্দ্রিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে ব্রাসেলসে পাঠানো হতে পারে। সাম্প্রতিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের কারণে ইউরোপীয় ইউনিয়নে ভারতের উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও সম্ভাব্য নিয়োগ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরিফ মোহাম্মদ খান ভারতের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তিনি কংগ্রেসসহ বিভিন্ন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নব্বইয়ের দশকের আগে তিনি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ছিলেন। পরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেরালার রাজ্যপাল এবং ২০২৫ থেকে ২০২৬ পর্যন্ত বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫১ সালের ১৮ নভেম্বর উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া খান দিল্লির জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও লখনৌ বিশ্ববিদ্যালয়ের শিয়া কলেজে পড়াশোনা করেন। মুসলিম সমাজে সংস্কারপন্থী অবস্থানের জন্য তিনি ভারতে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোর সম্ভাবনা ভারত বাংলাদেশ সম্পর্কের কৌশলগত গুরুত্ব বাড়ার ইঙ্গিত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।
তবে নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
