দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার চূড়ান্ত রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ইকসিড ট্রাইব্যুনাল কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে বাংলাদেশকে মোট ৪২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ে নাইকোকে গ্যাস ক্ষতি এবং পরিবেশগত ক্ষতির দায়ে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। পেট্রোবাংলার হিসাবে ১ ডলার সমান ১২৩ টাকা ধরলে মোট ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি টাকা।
পেট্রোবাংলা সূত্র জানায়, এই অর্থের মধ্যে টেংরাটিলায় বিস্ফোরণে নষ্ট হওয়া প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের জন্য ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশ ও অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ পক্ষ থেকে ট্রাইব্যুনালে গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রীয় ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলারের দাবি উত্থাপন করা হয়েছিল। পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টিও যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন নাইকোর খনন কার্যক্রম চলাকালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গ্যাস মজুদ পুড়ে যায় এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়। পরে স্থানীয় আদালত ও উচ্চ আদালতে একাধিক মামলায় নাইকোর বিরুদ্ধে রায় আসে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত ও চুক্তি বাতিল করা হয়।
২০১০ সালে ক্ষতিপূরণ আদায়ে ব্যর্থ হয়ে বাংলাদেশ ইকসিডে মামলা করে। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়কে দেশের জ্বালানি সম্পদ ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
