লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট, বাংলাদেশ পাকিস্তান আকাশ যোগাযোগে নতুন অধ্যায়

প্রকাশিত: 02 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় এ অনুমোদন পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে।

অনুমোদনের শর্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। পাকিস্তানের সিএএ নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি ফ্লাইট স্লটও বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে। অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ সহজ হবে, জনগণ থেকে জনগণের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হবে। নতুন বছরে এই সিদ্ধান্ত বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের আকাশ পথে এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman