লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, সদর দপ্তর থেকে চলছে নজরদারি

প্রকাশিত: 17 নভেম্বর 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য যত বেশি সম্ভব সদস্যের সঙ্গে শরীরে ধারণযোগ্য ক্যামেরা যুক্ত করা হয়েছে।

এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি চিত্র সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন এবং বিশেষায়িত যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এসব কার্যক্রম এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় এ মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে বলেও জানান শরীফুল ইসলাম। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক প্রস্তুতিও রাখা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি প্রস্তুত রয়েছে।

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের ফলে জেলায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হয়েছে। তবে কী ধরনের নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman