লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পাঁচ লাখ টাকার ই-রিকশা ঢাকার সড়কে, চালকের জমা ৮০০ থেকে ১ হাজার টাকা, ভাড়ায় আনা হয়নি নির্দিষ্টতা

প্রকাশিত: 20 নভেম্বর 2026

3 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানী ঢাকার সড়কে নতুন ধরনের ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল শুরু হয়েছে। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো এসব যানবাহন সরকার নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান অনুসরণ করে তৈরি করা হচ্ছে। নিবন্ধন ও অনুমোদনের আওতায় এনে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশার বিকল্প হিসেবে এগুলো চালুর উদ্যোগ নেওয়া হলেও শুরুতেই ভাড়া নিয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে একটি ই-রিকশা কিনতে হচ্ছে মালিকদের। অন্যদিকে চালকদের প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জমা দিতে হচ্ছে। সেই খরচ তুলতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন চালকেরা।

রাজধানীর গাবতলীর মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য সম্প্রতি এক যাত্রীকে ৫০০ টাকা ভাড়া চান ই-রিকশাচালক মো. শাহীন। দরদামের পর তিনি ৪০০ টাকায় যেতে রাজি হন। অথচ দুই এলাকার দূরত্ব ১০ কিলোমিটারের কিছু বেশি। একই দূরত্বে সরকার নির্ধারিত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া অপেক্ষাকৃত অনেক কম।

শাহীন জানান, তিনি নিজে রিকশার মালিক নন। প্রতিদিন মালিককে ১ হাজার টাকা জমা দিয়ে গাড়ি চালাতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি ও দৈনিক জমার চাপ সামলাতে বেশি ভাড়া নিতে হচ্ছে।

নতুন ই-রিকশার মালিক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি গাড়ি কিনতে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। তবে নির্মাতা প্রতিষ্ঠানের পর্যায়ে মডেল ও যন্ত্রাংশের মানভেদে দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। নিবন্ধন, পরিবহন এবং অতিরিক্ত সরঞ্জাম যুক্ত হলে খরচ আরও বাড়ছে।

রাজধানীর তেজগাঁওয়ের আকিজ মোটরসের তৈরি একটি ই-রিকশার দাম ৩ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে মনির অটোর তৈরি একই ধরনের গাড়ির দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা। মিরপুরের একটি বিক্রয়কেন্দ্রে নিবন্ধনসহ একটি গাড়ির দাম প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে।

নতুন ই-রিকশার নকশা তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের গবেষক দল। দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত দুর্বলতা পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

এতে তিনটি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, বিকল্প পার্কিং ব্রেক, পেছনের যানবাহন দেখার আয়না, মোড় নেওয়ার সংকেতবাতি, ছাউনি, সামনের কাচ এবং স্থায়ী হেডলাইট রাখা হয়েছে।

গবেষক দলের নির্দেশনা অনুযায়ী ব্যাটারি ছাড়া একটি ই-রিকশা তৈরিতে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হওয়ার কথা। এর সঙ্গে ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামের খরচ যুক্ত হয়। ইতিমধ্যে অন্তত এক ডজন নির্মাতা প্রতিষ্ঠান নকশার অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট গবেষকেরা জানিয়েছেন।

গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এতে ই-রিকশার নিবন্ধন, কারিগরি মান, ফিটনেস, চলাচলের এলাকা এবং নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চালকদের দৈনিক জমা কিংবা যাত্রীদের কাছ থেকে কিলোমিটারপ্রতি কত ভাড়া নেওয়া যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান রাখা হয়নি।

বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। দুই যাত্রী বহনের উপযোগী গাড়ির নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রী বহনের উপযোগী গাড়ির নিবন্ধন ফি ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। প্রতিটি নিবন্ধিত গাড়িতে স্বতন্ত্র সংখ্যাসংবলিত পরিচিতি ফলক ও কিউআর সংকেত থাকার বিধান রয়েছে।

এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ই-রিকশার দৈনিক জমা ও যাত্রীভাড়া নির্ধারণে দেশের সব সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকার অধিকাংশ রিকশাচালকের পক্ষে এককালীন প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে নতুন ই-রিকশা কেনা সম্ভব নয়। ফলে আগের মতোই মালিকের কাছ থেকে দৈনিক জমার ভিত্তিতে গাড়ি নিয়ে চালানোর ব্যবস্থা বহাল রয়েছে। এতে মালিকদের বিনিয়োগের অর্থ ওঠানোর চাপ শেষ পর্যন্ত চালকদের ওপর পড়ছে। আর চালকেরা সেই চাপ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করছেন।

পরিবহন খাতসংশ্লিষ্টদের মতে, শুধু উন্নত নকশা ও নিবন্ধনের ব্যবস্থা করলেই নগর পরিবহনে শৃঙ্খলা ফিরবে না। ই-রিকশার সংখ্যা, চলাচলের এলাকা, দৈনিক জমা এবং যাত্রীভাড়া নির্ধারণেও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল অনিরাপদ ও অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার পরিবর্তে নিরাপদ যানবাহন চালু করা। কিন্তু ভাড়া নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত না এলে নতুন ই-রিকশাও পুরোনো ভাড়ার নৈরাজ্যের আরেকটি উদাহরণ হয়ে উঠতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman