লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জন্মদিন আজ তারেক রহমানের, বয়স ৬১ পেরিয়ে নতুন বছরে পদার্পণ

প্রকাশিত: 20 নভেম্বর 2026

5 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সে হিসাবে আজ তাঁর ৬১তম জন্মবার্ষিকী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তারেক রহমানের পারিবারিক জীবনে রয়েছেন তাঁর স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর পারিবারিক পরিচয়ও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

শৈশব ও শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেন। শিক্ষাজীবন থেকেই রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দর্শনের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। ওই নির্বাচনে তাঁর মা খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা বাড়তে থাকে।

২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। ওই সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর সেখানেই অবস্থান করেন এবং প্রবাস থেকেই দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যুক্ত ছিলেন।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকের সমাগম হয়।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজনের কথা জানানো হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচিও রাখা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন বলে জানা গেছে। তবে জন্মদিন উপলক্ষে বড় ধরনের আনুষ্ঠানিক আয়োজনের বিষয়ে দলের পক্ষ থেকে ভিন্ন তথ্যও প্রকাশিত হয়েছে।

রাজনৈতিক জীবনের প্রায় চার দশকের পথচলায় তারেক রহমান দলীয় সংগঠন পরিচালনা, দীর্ঘ নির্বাসন, দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনী বিজয়ের মতো নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সামনে এখন রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman