দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য ও সরকারি কর্মকাণ্ড নিয়ে সমালোচনার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তা সংশ্লিষ্ট বিচারকদের কাছে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের পাঠানো নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ ও উসকানিমূলক মন্তব্য করেছেন, যা বিচার বিভাগের আচরণবিধির পরিপন্থী।
চিঠিতে উল্লেখ করা হয়, এসব মন্তব্যের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা অমান্য করা হয়েছে। ফলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক দাবি করেছেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিতর্কিত মন্তব্য করেননি। তাদের ভাষ্য অনুযায়ী, বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ আলোচনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
আইন বিশ্লেষকদের মতে, বিচারকদের আচরণবিধি ও মতপ্রকাশের সীমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। বিষয়টি বিচার বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বাধীনতার ভারসাম্য নিয়ে আলোচনাও জোরালো করতে পারে।
