দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্ব গ্রহণের আগে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং পরিচালন দক্ষতা বাড়ানোর চলমান উদ্যোগের মধ্যেই এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম আরও আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
