লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: 22 মার্চ 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের সড়ক ও রেলপথে ধারাবাহিক দুর্ঘটনা এবং যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি সাম্প্রতিক প্রাণহানির ঘটনাগুলোকে রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লায় ভোররাতে সংঘটিত ভয়াবহ ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা দেশের পরিবহন নিরাপত্তার দুর্বল বাস্তবতা তুলে ধরেছে। তার ভাষায়, সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতা দৃশ্যমান নয়, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক সড়ক ও রেল দুর্ঘটনা প্রমাণ করে পরিবহন খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বশীলদের অদক্ষতা, অবহেলা এবং দুর্বল তদারকিকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতি এবং নিয়মিত তদারকির অভাব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কুমিল্লার দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব প্রাণঘাতী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিবৃতিতে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু, কঠোর নজরদারি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানানো হয়। একই সঙ্গে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

সাম্প্রতিক বড় দুর্ঘটনাগুলোকে কেন্দ্র করে পরিবহন নিরাপত্তা আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন ও কার্যকর নজরদারি বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman