লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনে মটর সাইকেল চলাচলে ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা

প্রকাশিত: 27 জানুয়ারী 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের নিরাপত্তা, সুষ্ঠু ভোটগ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের দিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, জরুরি চিকিৎসা ও ওষুধ পরিবহনের যান, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি ব্যবহারের সুযোগ থাকবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসি আরও জানিয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। স্থানীয় বাস্তবতা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখবেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman