দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে পানাম নগরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমা পত্রিকার প্রধান সম্পাদক আরিফুর রহমান, কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংগঠনিক সম্পাদক লেখক মোফাখখার সাগর, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান এবং প্রকৌশলী বাবুল মোল্লাসহ অন্যরা।
বক্তারা বলেন, পানাম নগরীর প্রধান প্রবেশপথে একসময় একটি ছোট হলেও নান্দনিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেতু ছিল। এটি কেবল যাতায়াতের অবকাঠামো ছিল না, বরং পানাম নগরীর স্থাপত্যিক বৈশিষ্ট্য ও ঐতিহাসিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হতো।
তাদের দাবি, ২০০১ সালের পর স্থানীয় একটি প্রভাবশালী মহল সেতুটি ভেঙে ফেলায় পানাম নগরী তার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের একটি অংশ হারিয়েছে। এর ফলে ঐতিহাসিক স্থাপনাটির নান্দনিক সৌন্দর্য এবং দর্শনার্থীদের অভিজ্ঞতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রাচীন সেতুটির ওপর দাঁড়িয়ে পানাম নগরীর সারিবদ্ধ ঐতিহাসিক ভবন, চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং প্রত্নস্থলের স্থাপত্য একসঙ্গে উপভোগ করা যেত। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে এটি ছিল অন্যতম আকর্ষণ। সেতুটি বিলুপ্ত হওয়ার পর সেই ঐতিহাসিক আবহ অনেকটাই হারিয়ে গেছে।

মানববন্ধন থেকে বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পানাম নগরীর হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারের স্বার্থে প্রাচীন সেতুটি পূর্বের নকশা, নির্মাণশৈলী এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। এতে প্রত্নস্থলটির ঐতিহাসিক স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি পর্যটনের সম্ভাবনাও আরও বিকশিত হবে।
পানাম নগরী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এবং দেশের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রগুলোর একটি। ইতিহাসবিদদের মতে, মধ্যযুগ ও ঔপনিবেশিক আমলের স্থাপত্য বৈশিষ্ট্যের অনন্য নিদর্শন হিসেবে এটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বক্তারা তাই ঐতিহাসিক এই স্থাপনার মূল বৈশিষ্ট্য সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
