দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকার মোহাম্মদপুর এলাকাকে দীর্ঘদিনের অপরাধপ্রবণ অঞ্চল উল্লেখ করে সেখানে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে সক্রিয় অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে এবং পর্যায়ক্রমে তাদের নির্মূল করা হবে।
শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের জন্য পরিচিত। তবে বর্তমান সরকার এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, সম্প্রতি মোহাম্মদপুরে এক নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি দাবি করেন, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং কোনো অপরাধীই অধরা থাকছে না।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সরকার এ বিষয়ে কোনো নিরাপত্তা হুমকি দেখছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছিল। বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কাগজপত্র পাঠিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার দ্রুতগতিতে কাজ করছে এবং এর ইতিবাচক ফলাফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
