দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার আশা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে নাগরিকসেবাকে একীভূত করতে শিগগিরই একক পরিচয়পত্র বা “ওয়ান আইডি” প্রকল্পের কাজও শুরু হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি টাওয়ারে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বর্তমানে কমিশনিং ও বিভিন্ন নিরাপত্তা পরীক্ষা পর্যায়ে রয়েছে। নির্ধারিত সব কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগস্টের শেষ দিকে কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে রাষ্ট্রের অর্থের অপচয় না হয় এবং নিরাপত্তার সঙ্গে কোনো আপস করতে না হয়।
এর আগে জাতীয় সংসদেও মন্ত্রী জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে রূপপুর কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তী সময়ে উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
মন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। পারমাণবিক চুল্লিতে জ্বালানি সংযোজনের পর এখন ধাপে ধাপে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চলছে। আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।
মতবিনিময় সভায় ডিজিটাল সেবার প্রসঙ্গ তুলে ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই “ওয়ান আইডি” প্রকল্পের কাজ শুরু হবে। এই একক পরিচয়পত্রে একজন নাগরিকের জন্ম নিবন্ধন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর, সামাজিক নিরাপত্তা এবং মৃত্যু পর্যন্ত বিভিন্ন সরকারি তথ্য সমন্বিত থাকবে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি সেবা গ্রহণে হয়রানি কমবে, একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় আরও সহজ হবে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। প্রকল্পটি চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
