লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপ ম্যাচ নিয়ে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ, নোয়াখালীর যুবকের মামলা নেয়নি পুলিশ

প্রকাশিত: 09 জুলাই 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারিং নিয়ে চলমান বিতর্কের জেরে নোয়াখালীতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেছেন এক যুবক। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের এখতিয়ার না থাকায় তা নেয়নি পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। অভিযোগের বিষয়বস্তু থানার আইনগত এখতিয়ারের মধ্যে না পড়ায় সেটি গ্রহণ করা সম্ভব হয়নি। পরে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলা হলে তিনি অভিযোগপত্র নিয়ে ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় একটি লিখিত আবেদন জমা দেওয়ার চেষ্টা করেন।

অভিযোগপত্রে রাকিব দাবি করেন, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতিত্ব এবং পূর্বপরিকল্পিত অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগে ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনকে দায়ী করা হয়। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, বিতর্কিত রেফারিংয়ের কারণে তিনি এবং বিশ্বজুড়ে বহু ফুটবল সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের আওতায় তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

পুলিশ অভিযোগ গ্রহণ না করায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন রাকিব। তাঁর ভাষ্য, প্রয়োজন হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করবেন।

উল্লেখ্য, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি শেষ হওয়ার পর ভিডিও সহকারী রেফারি এবং ম্যাচ পরিচালনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনও রেফারিং নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করেনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman