দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর মিরপুর-১০-এর সি ব্লক এলাকায় দীর্ঘদিনের পানি সংকট নিরসনে স্থায়ীভাবে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী দাবি করেন, পর্যাপ্ত পানির অভাবে দীর্ঘদিন ধরে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত একটি পানির পাম্প স্থাপন করা হলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আশরাফুল আলম। তিনি বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। মিরপুর-১০ সি ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ওয়ায়েজ আহমেদ আসিফ এবং মঞ্জুর আহমেদ। বক্তারা বলেন, পানি সংকটের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে নানা দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি। তারা দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মিরপুর-১০ সি ব্লকে জরুরি ভিত্তিতে পানির পাম্প স্থাপনের দাবি জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এলাকার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
