দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নভেম্বরের মাঝামাঝি এসেও ডেঙ্গুর দাপট কমেনি। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৭৯২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩৩১, আক্রান্ত ৮৩ হাজার ৮৫৮। ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন।
বিভাগভিত্তিক: ঢাকা উত্তর সিটিতে সর্বোচ্চ ২২৬, দক্ষিণে ১২১, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১০৭, চট্টগ্রামে ১৩৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬০, সিলেটে মাত্র ২ জন। অথচ বিগত বছরগুলোতে নভেম্বরে ডেঙ্গু প্রায় নিশ্চিহ্ন হয়ে যেত। এবারের চিত্র ভিন্ন, মশা সদর্পে আতঙ্ক ছড়াচ্ছে দেশব্যাপী।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও মশক নিধনের ব্যর্থতা এই বিপর্যয়ের কারণ। সিটি কর্পোরেশনের স্প্রে-ফগিং যথাযথভাবে কার্যকর নয়, সঠিক ভাবে লার্ভা ধ্বংস হচ্ছে না। ফলে মৃত্যুহার বাড়ছে। নাগরিকরা দাবি তুলেছেন, স্থায়ী সমাধানের, যেমন: জলাশয় পরিষ্কার, জনসচেতনতা ও আধুনিক মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে সর্বোপরি উন্নত চিকিৎসা এবং ডেঙ্গু নির্মূলে টিকা আবিষ্কারের পথে এগিয়ে যাওয়া।
সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে শীত এলেও ডেঙ্গুর ছোবল থামবে না। জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ জরুরি।
