দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশে অবৈধ, ক্লোন বা অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটগুলোর দিন গুনা শুরু। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রবিবার (১৭ নভেম্বর) একটি বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হবে। এর ফলে ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে ব্যবহৃত সকল হ্যান্ডসেট বৈধ, অবৈধ বা ডাটাবেসে তথ্য নেই এমন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে সচল থাকবে। কিন্তু ২৬ ডিসেম্বরের পর সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে ঢুকতে পারবে না।
এই পদ্ধতি সঠিকভাবে কার্যকর হলে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারানো বন্ধ হবে এবং সাইবার অপরাধ, চুরি, জালিয়াতি ও ব্ল্যাকমেইল এর মতো অপরাধ কমবে।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, NEIR সিস্টেমের মাধ্যমে প্রতিটি মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর ইউজারের ন্যাশনাল আইডি (NID) এবং সক্রিয় সিমের সঙ্গে যুক্ত হবে। এতে ক্লোন বা জাল আইএমইআই-এর ফোন চেনা যাবে এবং নেটওয়ার্ক ওই হ্যান্ডসেটের মোবাইল নেটওয়ার্কে ঢোকা বন্ধ হয়ে যাবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ-উল বারি বলেছেন, “এটি নাগরিকের নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং টেলিকম সেক্টরে স্বচ্ছতার জাতীয় প্রতিশ্রুতি।” বাংলাদেশ ব্যাংকের ২০২৪ রিপোর্ট অনুসারে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতিতে অবৈধ ডিভাইস থেকে হয়।
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধিত হবে, তাই ব্যাবহারকারীদের আলাদা চিন্তা নেই। কিন্তু নতুন কেনা বা বিদেশ থেকে আনা ফোনের জন্য ৩০ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করে সিম পরিবর্তন করলে ফোন ব্লক হয়ে যাবে।
আপনার ফোনের আইএমইআই চেক করুন এবং নিবন্ধন করুন, যেভাবে চেক করবেন :
১. আইএমইআই জানুন: ফোনে *#০৬# ডায়াল করুন। ১৫ অঙ্কের নম্বর দেখাবে।
২. বর্তমান স্ট্যাটাস চেক: *১৬১৬১# ডায়াল করুন, আইএমইআই দিন। এসএমএসে স্ট্যাটাস আসবে। অথবা neir.btrc.gov.bd-এ লগইন করে চেক করুন।
৩. নিবন্ধন (নতুন ফোনের জন্য):
মেসেজে লিখুন: KYD [স্পেস] ১৫ অঙ্কের আইএমইআই, পাঠান ১৬০০২-এ। এসএমএসে স্ট্যাটাস আসবে।
অথবা NEIR পোর্টালে (neir.btrc.gov.bd) অ্যাকাউন্ট তৈরি করে ‘স্পেশাল রেজিস্ট্রেশন’-এ আইএমইআই দিন। বিদেশীদের পাসপোর্ট/ভিসা লাগবে।
৪. অপারেটর কেয়ার সেন্টার: যেকোনো মোবাইল অপারেটরের সেন্টারে যান।
বিটিআরসি সতর্ক করেছে, নতুন ফোন কেনার অবশ্যই রশিদ সংগ্রহ করবেন এবং বৈধতা যাচাই করবেন ।
NEIR চালু হলে স্বচ্ছতা আসবে। এটি ডিজিটাল নিরাপত্তা বাড়াবে এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করবে। ইউজাররা এখনই চেক করে নিন, নইলে ২৬ ডিসেম্বরের পর অবৈধ হলে ফোন অকেজো হয়ে যেতে পারে।
