লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শেখ হাসিনা ও কামালের লুকানো সম্পদের পাহাড়, বাজেয়াপ্তর নির্দেশ আদালতের

প্রকাশিত: 18 নভেম্বর 2025

25 Views

The Civilians News

শেখ হাসিনা ও কামালের লুকানো সম্পদের পাহাড়, বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড: শেখ হাসিনা ও কামালের লুকানো সম্পদের অন্ধকার!
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব রায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের সকল সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে হাসিনা ছিলেন মূল পরিকল্পনাকারী, যিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হত্যার নির্দেশ দেন। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের এই দমনে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে।

আদালত হাসিনা ও কামালের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন। হাসিনা ও কামালের সম্পদের আসল পরিমাণ কত? দুজনেরই ২০২৪ সালের নির্বাচনী হলফনামায় যে সম্পদের পরিমান ঘোষণা করেছেন তা থেকে সম্পদের পরিমানের একটা ছবি ফুটে ওঠে, কিন্তু দুর্নীতি দমন কমিশনের তদন্ত বলছে, এগুলোর বাইরেও অনেক লুকানো বা অবৈধ সম্পদ রয়েছে।

হাসিনার হলফনামায় দেখা যায়, নিজের নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ: হাতে ২৮ হাজার টাকা নগদ, ব্যাংকে ২ কোটি ৩৯ লাখ, সঞ্চয়পত্র ২৫ লাখ এবং স্থায়ী আমানত ৫৫ লাখ। তিনটি গাড়ি (দুটির দাম ৪৭ লাখ), সোনা ১৩ লাখ, আসবাব ৭ লাখ ৪০ হাজার। জমির কথা বললে, গোপালগঞ্জ, গাজীপুর, রংপুরে ১৫ বিঘা কৃষিজমি (ক্রয়মূল্য ৬ লাখ ৭৮ হাজার) এবং পূর্বাচলে ৩৪ লাখ টাকার প্লট। কিন্তু মৌচাকে তাঁর পরিবারের ৯ বিঘা বাগানবাড়ি এবং পূর্বাচলে পরিবারের ৬০ কাঠা জমি হিসাব বহির্ভুত, এই অভিযোগে দুদকের মামলা চলছে। দুদক বলছে, ২০০৮ সালের হলফনামায় হাসিনা ৬.৫০ একর জমি দেখিয়েছিলেন, কিন্তু যাচাইয়ে ২৮ একরের বেশি পাওয়া গেছে। এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৫ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর পরিবারের বিরুদ্ধে।

অন্যদিকে, কামালের হলফনামায় ১০ কোটি ২৫ লাখ টাকার সম্পদ: হাতে ৮৪ লাখ নগদ, ব্যাংকে ৮২ লাখ, বন্ড-শেয়ার ২৪ লাখ, সঞ্চয়পত্র ২ কোটি ১ লাখ। দুটি গাড়ি ১ কোটি ৬১ লাখ, ঋণ ২ কোটি ২০ লাখ। কৃষিজমি ৫ বিঘার বেশি (মূল্য ১ কোটি ৬ লাখ), অকৃষি ১৮ শতাংশ (৫৮ লাখ), গ্রামের বাড়ি ৮০ লাখ টাকার। কিন্তু দুদকের তদন্তে বলা হয়েছে, জ্ঞাত আয়ের বাইরে ১৬ কোটি ৪২ লাখ টাকার অবৈধ সম্পদ তাঁর নামে। নিয়োগে ঘুষ, ক্ষমতার অপব্যবহার করে এসব জমানোর অভিযোগে দুদক মামলা করেছে।

আদালত রায়ে জুলাই শহীদদের পরিবারকে উল্লেখযোগ্য ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে বাজেয়াপ্তির ব্যবস্থা নিতে বলেছে। হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রায়কে রাজনৈতিক বলে খারিজ করেছেন, হাসিনার এমন মন্তব্যে শহীদ পরিবারের ক্ষোভ বেড়েছে।

এই রায় শুধু বিচার নয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। দুদকের তদন্ত চলতেই থাকলে আরও অবৈধ সম্পদের খবর বেরিয়ে আসতে পারে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman