লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতের ভিসা-মুক্ত প্রবেশ বন্ধ ইরানে

প্রকাশিত: 18 নভেম্বর 2025

30 Views

The Civilians News

ভারতের ভিসা-মুক্ত প্রবেশ বন্ধ ইরানে

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতীয় যাত্রীদের জন্য ইরানের দরজা আর আগের মতো উন্মুক্ত থাকছে না। মানবপাচারের অভিযোগে ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা বন্ধ করে দিয়েছে।

আগামী শনিবার, ২২ নভেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। এর ফলে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়রা ইরানে প্রবেশ করতে বা ট্রানজিটের জন্য আগেই ভিসা নিতে বাধ্য হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভুয়া চাকরির প্রলোভনে লোকজনকে ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৭ নভেম্বর) একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এই পদক্ষেপ মানবপাচারকারী চক্রের অপব্যবহার রোধ করার জন্য।

গত বছর ফেব্রুয়ারি মাস থেকে ইরান কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত ভিসামুক্ত সুবিধা চালু করেছিল। এতে ভারতীয়রা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য শুধু পর্যটনের উদ্দেশ্যে ইরান ঘুরে আসতে পারত।

কিন্তু এই সুবিধা কাজে লাগিয়ে প্রতারক এজেন্টরা চাকরিপ্রত্যাশী যুবকদের ফাঁদে ফেলছিল। উচ্চ বেতনের প্রতিশ্রুতি বা উপসাগরীয় দেশ বা ইউরোপে সহজ যাত্রার লোভ দেখিয়ে অনেককে ইরানে পাঠানো হচ্ছিল। সেখানে পৌঁছে অপহরণ, মুক্তিপণ দাবি এবং নির্যাতনের শিকার হচ্ছিলেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে সামনে এসেছে, যা সংগঠিত অপরাধী নেটওয়ার্কের কাজ। উদাহরণ স্বরূপ, গত জুনে ইরানের পুলিশ তেহরানের দক্ষিণে তিন ভারতীয়কে উদ্ধার করে, যারা এমনই ফাঁদে পড়েছিল।

ভিসামুক্ত প্রবেশ শুধু পর্যটনের জন্য, কাজের জন্য নয়। এখন নতুন নিয়মে, ইরান যাওয়ার আগে ভিসা আবেদন করতে হবে এবং ফ্লাইট বোর্ডিংয়ের সময় তা দেখাতে হবে। এমনকি ইরানের এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে যেতে চাওয়া যাত্রীদেরও ভিসা লাগবে।

 

সূত্র: India Today, Hindustan Times, The Hindu, Times of India, BBC,

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman