দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে আনা হয়। এ ঘটনায় জনমনে কিছুটা স্বস্তি এসেছে, গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই আদালতে আসেন হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ছাড়াই, অথচ তাঁদের বিরুদ্ধে অভিযোগ অত্যান্ত গুরুতর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এই মামলাটি অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে বিচার শেষ করা হবে। তিনি মনে করেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে বিচারের আকাঙ্ক্ষা ছিল।
সোমবার কারাগার থেকে ১০ জন আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে মামলার অপর আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাতে হাতকড়া ছিল। তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা গণহত্যা, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, রাজনৈতিক ও ধর্মীয় লক্ষ্যভিত্তিক নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত। তবে এই অভিযোগগুলো এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ। আসামিপক্ষের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন ও আইনি প্রতিক্রিয়া এখনো অপেক্ষমাণ।

শাপলা চত্বরের ঘটনায় অভিযুক্তদের হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে না আনার বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। অনেকের প্রশ্ন, যাঁদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তাদের নিরাপত্তার স্বার্থেই উপরোক্ত ব্যবস্থা নেওয়া জরুরি। আদালত প্রাঙ্গনে অনেকেই বলেন, এই আসামিরা দেশের মানুষের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারা তাঁদের হুকুমদাতা ছিলেন, কেন তাঁরা এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তা জনগণের সামনে আসা জরুরি। ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখতে তাঁদের সাক্ষী ও শাস্তি দুটোই জরুরি বলে মনে করছেন অনেকে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে যে ঘটনা ঘটে, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, ৫ ও ৬ মে মোট অন্তত ৫৮ জন মারা যান, যাঁদের মধ্যে সাতজন নিরাপত্তাবাহিনীর সদস্য ছিলেন।
তবে সরকারপক্ষ তখন বলেছিল, শাপলা চত্বর পরিষ্কারের সময় কেউ নিহত হয়নি। পরে পুলিশ ১১ জনের লাশ উদ্ধারের কথা জানায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য ও প্রমাণ নিয়ে বিতর্ক চলেছে।
এই মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জনকে পলাতক ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।
শাপলা চত্বরের ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বড় পরীক্ষা। এই মামলার বিচার শেষ হলে জনগণ জানতে পারবে, কারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন, কেন এই ঘটনা ঘটেছিল এবং কীভাবে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, বিচার শুধু শাস্তি নয়, এটি সত্য প্রতিষ্ঠারও নাম। তাই এই মামলার প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে, প্রমাণভিত্তিকভাবে এগোনো জরুরি। জনগণের সামনে সব তথ্য আসতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।
