লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ: ‘আইন সবার জন্য সমান’

প্রকাশিত: 23 নভেম্বর 2025

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাবের টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে দায়ের করা দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা ও র‌্যাবের সাবেক উর্ধ্বতন কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে কঠোর বার্তা দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার শুনানির সময় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বলেছে, “আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন, তাহলে তারা কেন পারবেন না?” আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ ভার্চুয়াল হাজিরার আবেদন করলে ট্রাইব্যুনাল আরও বলে, “আপনাদের অপারগতা থাকলে আমরা ব্যবস্থা নেব।”

দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন ১৩ জন। তাদের মধ্যে রয়েছেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহাবুব আলম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা। অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এর আগেও ট্রাইব্যুনাল একাধিকবার জোর দিয়ে বলেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারে কারও জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে না। বিচারপতি মজুমদারের প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আইনজীবীরা জানান, প্রসিকিউশন সময় চাওয়ায় তারা আপত্তি করেননি। বিচারকদের এই কঠোর অবস্থানের ফলে মামলা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন আইনজীবী ও পর্যবেক্ষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman