লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিজয়ের মহড়ায় হেলমেটে আঁকা হাদি, ছড়িয়ে পড়া এক প্রতীকী প্রতিবাদ

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

56 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা একটি হেলমেট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে চলমান এক বিশেষ মহড়ার সময়, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভিং প্রদর্শনী করবেন, যার মাধ্যমে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা বহনকারী প্যারাশুটিং প্রদর্শনীর রেকর্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিডা’র (বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান আশিক চৌধুরী এই ৫৪ জনের একজন, হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে গতকাল রবিবার ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় মহড়া।

মহড়ার সময় ব্যবহৃত একটি হেলমেটে শরিফ ওসমান বিন হাদির প্রতিকৃতি আঁকা ছিল, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি কোনো আনুষ্ঠানিক কর্মসূচির অংশ নয়। বরং সাম্প্রতিক সহিংসতায় আহত এই নেতার প্রতি সংহতি এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই প্রতীকীভাবে হেলমেটে তার ছবি আঁকা হয়েছে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, শরিফ ওসমান বিন হাদি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশ্লেষকদের মতে, একদিকে রাষ্ট্রীয়ভাবে গিনেস রেকর্ডের মতো আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে নেওয়া আয়োজন, অন্যদিকে একই সময়ে রাজনৈতিক সহিংসতার বাস্তবতা, এই দুইয়ের সংযোগস্থলে হেলমেটে আঁকা হাদির ছবি একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। বিজয় দিবসের মহড়ায় এমন দৃশ্য সমাজে সহিংসতা, প্রতিবাদ ও সংহতির বার্তা নতুনভাবে সামনে আনছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman